বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : শিলচর-হাফলং মহাসড়কের ময়নাগড় এলাকায় রবিবার বিকেলে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক যুবতীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ ময়নাগড় এলাকায় শিলচর-হাফলং মহাসড়কের ওপর একটি মোটরসাইকেল ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক, স্কুটি চালক এবং এক যুবতী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়খলা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনকে বড়খলা হাসপাতালে এবং অপর দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত তিনজনের কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।



