বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে শনিবার মর্যাদার সঙ্গে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের দশজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ শিলচরের সহকারী সাধারণ সম্পাদক (ক্রীড়া) অরিজিৎ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ লায়ন্স সদস্য সুভাষ চৌধুরী। সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বরা হলেন সেপাক টাকরো খেলোয়াড় জয়মতী সিংহ, মহিলা ফুটবল কোচ ও রেফারি সার্বানকুমার থাপা, ফুটবল স্ট্রাইকার জ্যোতি বারই, রঞ্জি ক্রিকেটার রাজদীপ দাস, ফুটবল রেফারি রাজীব আহমদ লস্কর, ফুটবলার হামবয় লিংডহ, ফুটবলার আব্দুল মান্নান আহমেদ, শারীরিক প্রশিক্ষক দিব্যজ্যোতি দাওরাহ, খো-খো ও কবাডি খেলোয়াড় তারাবুল কালাম বড়ভূইয়া এবং ফুটবল খেলোয়াড় ও রেফারি শিবুচন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি অরিজিৎ গুপ্ত ও বিশেষ অতিথি সুভাষ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে তাঁরা লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের অন্যতম জ্বলন্ত সমস্যা মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্রীড়াবিদদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ক্লাবের সম্পাদিকা পিঙ্কি সিং দাস উদ্বোধনী গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপায়ন রায়। সংবর্ধনা প্রদান করেন ক্লাবের সদস্য বিপ্লব চক্রবর্তী, জহিরুল ইসলাম বড়ভূইয়া (জুয়েল), অনুপ রায়, মিনারা লস্কর, সামসুল ইসলাম, বাবুল কুমার, পুষ্পাবতী রায়, মান্না দত্ত, মনোজ কালওয়ার ও গণেশ মণ্ডল। সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বরা লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায়। শেষে সভাপতি সঞ্জীব রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



