ময়নাগড়ে বিলাসবহুল গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ধলাইয়ের যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মাঝরাতে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের মেগা অভিযানে বড়সড় সাফল্য মিলল। শিলচর-হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বড়খলা থানার অন্তর্গত ময়নাগড় এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতারের পাশাপাশি ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগড় এলাকায় আগে থেকেই ওৎপেতে ছিল পুলিশ। সেই সময় শিলচরের দিকে দ্রুতগতিতে আসা একটি বিলাসবহুল গাড়ি (নম্বর এম ০১ ওয়াই ১৫৪২) আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়।

অভিযানে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম সামসুল হোসেন লস্কর (২৪)। সে ধলাই থানার অন্তর্গত খুলিছড়ার জামালপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

শনিবার ধৃত সামসুল হোসেন লস্করকে জেলা আদালতে হাজির করে বড়খলা পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। উদ্ধার হওয়া ইয়াবা কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্তকারীরা জোরদার তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। মাদক পাচার চক্রের মূল শিকড় পর্যন্ত পৌঁছতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত আরও বিস্তৃত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *