বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : কাজিরাঙা জাতীয় উদ্যানের ইকো-সেনসিটিভ জোনের (ESZ) পরিসর কমানোর উদ্যোগের তীব্র বিরোধিতা করল শিলচর জেলা কংগ্রেস। শনিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে জেলা কংগ্রেসের উদ্যোগে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন কংগ্রেসের সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে পদযাত্রা করে গান্ধীবাগে সমবেত হন। সেখানে ধর্না কর্মসূচির মাধ্যমে তাঁরা কাজিরাঙার সুরক্ষা বলয় অক্ষুণ্ণ রাখার দাবি জানান। ‘কাজিরাঙা বাঁচাও’, ‘ইকো-সেনসিটিভ জোনের পরিসর কমানো মানছি না, মানব না’ এবং ‘পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করুন’—সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, কংগ্রেস নেতা সঞ্জীব রায় এবং ডাঃ এম. শান্তিকুমার সিংহ।
বক্তব্য রাখতে গিয়ে ডাঃ এম শান্তিকুমার সিংহ বলেন, কাজিরাঙা জাতীয় উদ্যান কোনও সাধারণ এলাকা নয়। এটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, জাতীয় উদ্যানের সীমানা বা সুরক্ষা বলয়ে কোনও ধরনের অনৈতিক পরিবর্তনের চেষ্টা পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, বনাঞ্চল ধ্বংস ও অতিরিক্ত গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়নের সমস্যা ক্রমশ বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনাগুলি থেকেও শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, কাজিরাঙার ইকো-সেনসিটিভ জোনের পরিসর কমানোর যে কোনও উদ্যোগের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কাজিরাঙার পরিবেশগত ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় সুরক্ষা বলয় অক্ষুণ্ণ রাখারও দাবি জানানো হয়।
এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেসের সহ-সভাপতি দিব্যজ্যোতি বরুয়া, প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



