বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে বহুভাষিক সমন্বয় কর্মসূচির অধীনে আগামী রবিবার ৩০ আগস্ট বেলা ১১ টায় শিলচর বঙ্গভবনের অনন্ত দেব সভাগৃহে বহুভাষিক আলোচনা ও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন ভাষিকগোষ্ঠীর সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেবেন। আলোচনা শেষে বিভিন্ন ভাষিক জনগোষ্ঠীর কবিদের নিয়ে অনুষ্ঠিত হবে কবি সম্মেলন।
দিনভর এই অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকার জন্য বরাকবঙ্গের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত ১৯ জুলাই শ্রীভূমির বিপিন চন্দ্র পাল স্মৃতি মিলনায়তনে বহুভাষিক সমন্বয় নিয়ে আলোচনা সভা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে আগামী রবিবার হাইলাকান্দি বঙ্গভবনে বহুভাষিক সমন্বয় নিয়ে আলোচনা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৯৭৭ সালে, বাংলা ১৩৮৩ তে আত্মপ্রকাশ করা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন তার পথ চলার পঞ্চাশ বছরে পা দিয়েছে। গত ২১ জুন সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল শিলচর বঙ্গভবনে। বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি সতু রায়ের পৌরোহিত্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী মিহিরকান্তি দেব। বরাকবঙ্গের এই সুবর্ণ জয়ন্তী কার্যক্রম জেলা এবং আঞ্চলিক স্তরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে।
বরাক উপত্যকার বাঙালি জনগোষ্ঠীর আত্মপরিচয় সংরক্ষণ, বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা, ভাষার অর্জিত আইনি অধিকারের সুরক্ষা, নাগরিক ও শিক্ষার অধিকার রক্ষা এবং প্রতিবেশী বিভিন্ন ভাষিক জনগোষ্ঠীর সঙ্গে মর্যাদা ভিত্তিক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সমন্বয় সাধনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গত পাঁচ দশক ধরে অবিরত বহুমুখী কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। উপত্যকার আর্থ -সামাজিক বিকাশে অন্তরায় সমূহ দূরীকরণেও সম্মেলন তার ত্রিস্তরীয় সাংগঠনিক কাঠামোয় অবিচল নিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলা ভাষা শিক্ষা প্রসারে সম্মেলন পরিচালিত দূর শিক্ষা কেন্দ্র অসম সরকারের অনুমোদনক্রমে এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সে পাঠদান ও পরীক্ষা গ্রহণও করছে। চলতি বছরে এই কার্যক্রম দশ বছরে পা দিয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠীর বাংলা ভাষা শিক্ষায় আগ্রহীরা এই ডিপ্লোমা কোর্স করে আসছেন। বরাকবঙ্গের এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়েছে।



