শিলচরে জেলা গ্রন্থাগার ও অসম সচিবালয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শনিবার শিলচরে এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় শিলচরে প্রস্তাবিত নতুন অডিটোরিয়াম-কাম-জেলা গ্রন্থাগার এবং বরাক উপত্যকার অসম সচিবালয় স্থাপনের প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রকল্প দু’টির বর্তমান অবস্থা, সংশোধিত প্রাক্কলন এবং প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া খতিয়ে দেখা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে অনুমোদন প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসন, বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি। তিনি বলেন, প্রকল্পের সুফল যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
চলমান নির্মাণকাজের অগ্রগতিও পর্যালোচনা করেন মন্ত্রী। নির্ধারিত মান বজায় রেখে নির্মাণকাজের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের উপরও গুরুত্বারোপ করেন তিনি।

পর্যালোচনা সভায় কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তা, যুগ্ম সচিব ডাঃ খালেদা সুলতানা আহমেদ, পঙ্কজ ডেকা, অতিরিক্ত সচিব জেআর লালসিম, যুগ্ম সচিব হরিচরণ ভক্ত, লোক নির্মাণ বিভাগের (ভবন) নির্বাহী বাস্তুকারসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *