শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : শিক্ষার্থীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি শিশু অধিকার, সুরক্ষা এবং সাইবার জগতে সংঘটিত অপরাধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে কাছাড়ের কাটিগড়া পুলিশের উদ্যোগে একটি স্থানীয় স্কুলে বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।
সচেতনতা সভায় কাটিগড়া থানার ওসি তথা পরিদর্শক নব কুমার শইকিয়া শিক্ষার্থীদের বর্তমান সময়ে আইন-কানুন সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সহজ-সরল ভাষায় শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হয়।
এছাড়াও শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (POCSO) অ্যাক্ট সম্পর্কেও সভায় আলোচনা করা হয়। কোনও ধরনের যৌন নির্যাতন, অশালীন আচরণ বা অন্যায়ের সম্মুখীন হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা অথবা পুলিশকে জানানোর জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
সভায় বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সাইবার অপরাধ সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়। সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংকিং সংক্রান্ত তথ্য বা অন্যান্য গোপনীয় তথ্য কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক মেসেজ বা লিঙ্কে ক্লিক না করার জন্যও পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ওসি নব কুমার শইকিয়া বলেন, কোনও ধরনের অপরাধ বা নির্যাতনের শিকার হলে ভয় বা সংকোচে নীরব না থেকে সময়মতো বিষয়টি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য রয়েছে এবং যেকোনও সমস্যার ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের এই ধরনের সচেতনতা কর্মসূচি শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন করার পাশাপাশি শিশু নির্যাতন এবং সাইবার অপরাধের মতো স্পর্শকাতর বিষয়গুলিতে সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।



