কাছাড় কলেজের হিজাব কাণ্ডে এনএসইউআইয়ের প্রতিবাদ, এসএসপির সঙ্গে সাক্ষাৎ বিধায়কের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কাছাড় কলেজের হিজাব-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল প্রতিবাদে সামিল হল এনএসইউআই। আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবের আনাম মজুমদারের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় এনএসইউআই কর্মীরা ‘এভিবিপি মুর্দাবাদ’ ও ‘এনএসইউআই জিন্দাবাদ’ স্লোগান দেন।

প্রতিবাদ কর্মসূচি শেষে জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল নিয়ে সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের দিকে রওনা দেন এনএসইউআই সদস্যরা। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে বিধায়ক জুবের আনাম সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে কাছাড় কলেজের ঘটনার বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জুবের এনাম কাছাড় কলেজের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, কলেজ হওয়া উচিত শিক্ষা, মতবিনিময় এবং সকলের সমান মর্যাদা নিশ্চিত করার জায়গা। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি ধর্ম ও পরিচয় নির্বিশেষে কাছাড় কলেজের প্রত্যেক শিক্ষার্থীর জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বিধায়ক।

এদিকে, সিনিয়র পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, কাছাড় কলেজের ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। একইসঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *