রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের অনির্দিষ্টকালীন অনশনে বসলেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার থেকে ছয়জন কর্মী আমরণ অনশন শুরু করেছেন। তাঁদের সমর্থনে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য সদস্যরাও আন্দোলনস্থলে অবস্থান করছেন।
জানা গেছে, একই দাবিতে গত ১০ আগস্ট থেকে ধরনায় বসেছিলেন ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের মধ্যে ১৩ আগস্ট বড়খলার বিধায়ক কিশোর নাথ মুখ্যমন্ত্রীর নির্দেশে এনআইটির ডিন ও ডিরেক্টরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সময় ২৪ আগস্টের মধ্যে সমস্যার ইতিবাচক সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নেন কর্মীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনও সমাধান না হওয়ায় ফের অনশনে বসার সিদ্ধান্ত নেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এনআইটি কর্তৃপক্ষ টালবাহানা করছে। তাঁদের দাবি, পরপর চারবার গৌহাটি উচ্চ আদালতের রায় তাঁদের পক্ষে গেলেও এখনও সেই রায় কার্যকর করা হয়নি।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। প্রয়োজনে পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে গণআন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদালতের রায় কার্যকর করে চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন।



