কালাইনে লোকালয়ে বিরল লজ্জাবতী বানর, উদ্ধার করতে গিয়ে যুবক আহত

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া এক বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাছাড়ের কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন কলেজ রোডের বাসিন্দা সুদীপ নাথের বাড়ির বাউন্ডারি ওয়ালের উপর প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। অচেনা প্রাণীটি দেখে প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি সেটি কী। পরে খবর ছড়িয়ে পড়তেই বিরল প্রাণীটিকে দেখতে বাড়িটির সামনে ভিড় জমে যায়।

এদিকে, বানরটিকে নিরাপদে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েন স্থানীয় যুবক প্রদীপ বৈষ্ণব। সাহস করে তিনি প্রাণীটিকে বস্তাবন্দি করার চেষ্টা করলে আচমকাই তাঁর হাতে কামড় বসিয়ে দেয় বানরটি। এতে প্রদীপের হাতে গুরুতর জখম হয়। পরে আরেক স্থানীয় যুবক পিন্টু দাসের সহযোগিতায় প্রাণীটিকে বস্তাবন্দি করা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের অস্থায়ী কর্মী কাজল দাস। তিনি বিষয়টি কালাইন বনবিভাগকে ফোনে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। পরে নিরাপদে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা নিজেদের হেফাজতে নিয়ে যান। কালাইন বনবিভাগের বিট অফিসার মিন্টু বড়ুয়া জানান, লজ্জাবতী বানর একটি বিরল প্রজাতির প্রাণী এবং সাধারণত লোকালয়ে এদের দেখা মেলে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো জঙ্গল থেকেই প্রাণীটি লোকালয়ে চলে এসেছিল।
অন্যদিকে বানরের কামড়ে আহত প্রদীপ বৈষ্ণবকে দ্রুত চিকিৎসার জন্য বন বিভাগের কর্মীরা কালাইন হাসপাতালে নিয়ে যান। বিরল এই বন্যপ্রাণীর হঠাৎ লোকালয়ে উপস্থিতির ঘটনায় কালাইন এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *