শিলচর রেডক্রসের বেহাল পরিস্থিতি, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি মেম্বার্স ফোরামের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ভারতীয় রেডক্রস সমিতির শিলচর জেলা শাখায় একাধিক সমস্যা ও গুরুতর সংকট নিয়ে সরব হলেন সংগঠনের একাংশ আজীবন সদস্য। রবিবার বিকেলে ‘শিলচর রেডক্রস মেম্বার্স ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক সভায় প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যাগুলির সমাধানের দাবি জানানো হয়।

বিশিষ্ট ব্যক্তিত্ব মিহিরলাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিলচর রেডক্রসের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বর্তমান জটিল পরিস্থিতির দ্রুত অবসান প্রয়োজন। এ বিষয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের জন্য জেলা আয়ুক্তের কাছে আবেদন জানানো হবে। পদাধিকার বলে জেলা আয়ুক্তই শিলচর রেডক্রসের সভাপতি। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও নির্দিষ্ট দাবিসম্বলিত স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, শিলচর রেডক্রেসে নবনির্মিত ১৬টি কক্ষ কোনওভাবেই ব্যক্তিগত স্তরে কারও কাছে হস্তান্তর করা যাবে না।

প্রতিষ্ঠানটির সম্পত্তি ও পরিকাঠামো জনস্বার্থে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সভায় বক্তব্য রাখেন শিলচর রেডক্রসের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শংকর দে, মুজিবুর রহমান বড়ভূইয়া, জহর গাঙ্গুলি, নবদ্বীপ দাস, সীমান্ত ভট্টাচার্য, বিপ্লব পালচৌধুরী, দেবদীপ দত্ত, বিশ্বজিৎ দেব, চিন্ময় নাথ, নান্টু ঘোষ, বিজন নাথ, রাজীব ধর, বিশ্বদীপ গুপ্ত, দেবদুলাল মালাকার, আফতার হোসেন বড়ভূইয়া-সহ আরও অনেকে। সভা থেকে শিলচর রেডক্রসের সংকট নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *