বিজয়নগরে মেঘালয়ের পর্যটক ট্যাক্সিতে হামলা, পাথর ছোড়ার দাবি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : অসমের বিজয়নগরে মেঘালয়ে নিবন্ধিত একটি পর্যটকবাহী ট্যাক্সিতে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে অল গারো হিলস ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

সংগঠনের দাবি, দুপুর প্রায় ৩টা ৪ মিনিটে ML-13A 8719 নম্বরের একটি মারুতি সুজুকি আর্টিগা ট্যাক্সিকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাথর ছোড়ে। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, তুরা ও উইলিয়ামনগরের বেশ কয়েকজন ট্যাক্সিচালক একসঙ্গে গুয়াহাটি থেকে ফেরার পথে ছিলেন। আক্রান্ত ট্যাক্সিটিতে তখন মাত্র একজন যাত্রী ছিলেন। তবে হামলায় কেউ আহত হননি।

শনিবারই মেঘালয় ও অসম সরকারের মধ্যে দুই রাজ্যের বাণিজ্যিক যানবাহন চলাচল নিয়ে উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তার পরদিনই এই হামলার ঘটনা সামনে এল।

ঘটনায় ট্যাক্সিচালক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অল গারো হিলস ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *