বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরগামী ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ১২টি ভেড়া ছাগলের মৃত্যু ঘটল। মঙ্গলবার সকালে কাটলিছড়া থানার অন্তর্গত কন্টিরামপুর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি যাওয়ার পর রেললাইনের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে মেষগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ভেড়াগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, মেষগুলি একই ব্যক্তির। কারণ, সাধারণত মেষ দলবদ্ধভাবে চলাফেরা করে। তাঁদের মতে, প্রতিদিন সকালে গৃহস্থরা ভেড়াগুলিকে ছেড়ে দেন এবং সেগুলি সারাদিন বাইরে ঘোরাফেরা করে বিকেলে নিজেরাই বাড়িতে ফিরে আসে। সেই অভ্যাসের ওপর নির্ভর করেই গৃহস্থরা নিশ্চিন্ত থাকেন।

তবে মঙ্গলবারের এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, শুধু রেললাইনেই নয়, সড়কপথেও দলবদ্ধভাবে মেষ চলাচলের ফলে প্রায়ই যানবাহন দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গৃহস্থদের আরও সতর্ক হওয়া জরুরি।



