মেদলি শিব মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, ভোলে বোম উৎসবের প্রস্তুতি পরিদর্শন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট :
রবিবারের ব্যস্ত কর্মসূচির মধ্যেও নিজের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজখবর নিতে মেদলি শিব মন্দিরে উপস্থিত হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। মন্দির প্রাঙ্গণে কিছু সময় কাটিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
এদিকে, মেদলি শিব মন্দির প্রাঙ্গণে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী ভোলে বোম উৎসবের প্রস্তুতিও খতিয়ে দেখেন কৃষ্ণেন্দু পাল। উৎসবকে কেন্দ্র করে মন্দির ও আশপাশের এলাকায় নেওয়া প্রস্তুতি, ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা, নিরাপত্তা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মন্ত্রী আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এবারের ভোল ভোম উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের পরিবেশে এই উৎসব এলাকার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করবে বলেও তিনি জানান।

কৃষ্ণেন্দু পাল বলেন, ধর্ম ও আধ্যাত্মিকতা মানুষের জীবনে শুধু বিশ্বাসের বিষয় নয়, এটি মানবিকতা, শান্তি ও সম্প্রীতিরও অন্যতম বন্ধন। মহাদেবের আশীর্বাদে আগামীকালের পবিত্র উৎসব সকলের জীবনে মঙ্গল, শান্তি ও আধ্যাত্মিক আনন্দ বয়ে আনুক—এই প্রার্থনাই করেন তিনি।

মন্ত্রীকে মেদলি শিব মন্দিরে দেখে এবং উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখার ঘটনায় এলাকায় উৎসবের আবহ আরও জমে উঠেছে। স্থানীয়দের আশা, বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমে ভোল ভোম উৎসব একটি বড় ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে।

এ সময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠীসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *