শিলচরের নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুলাই : শিলচরের বড়জালেঙ্গা এলাকার নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগী রূপম বড়ুয়ার মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

মৃতের পরিবারের দাবি, শ্বাসকষ্ট দেখা দেওয়ার পরও রূপম বড়ুয়াকে সময়মতো অক্সিজেন দেওয়া হয়নি। তাদের অভিযোগ, দ্রুত অক্সিজেন সরবরাহ করা হলে তার প্রাণ বাঁচানো সম্ভব ছিল। এছাড়াও, অ্যাম্বুলেন্সের চালকের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারের এক সদস্য জানান, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চরম গাফিলতির কারণেই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারাতে হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রূপম বড়ুয়া। তার আকস্মিক মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ঘটনার প্রতিবাদে নায়াবিল হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত সরকারি সহায়তার দাবি জানান।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নায়াবিল হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *