গণেশ মূর্তি পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২, আহত ৫

Spread the news

২৩ আগস্ট : মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো। গণপতি বাপ্পার আরধনার প্রস্তুতির আবহে ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসার সময়ে বিশাল মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন, তাঁদের মধ্যে দুই শিশু রয়েছে

প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তির আগমন উপলক্ষে শোভাযাত্রা চলছিল। সেই সময়ে মূর্তি বহনকারী কাঠামোটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং ভিড়ের মধ্যে থাকা মানুষের উপর পড়ে। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত দুই জনের নাম সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০)। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের বৈভব, ২৫ বছরের পবন চৌরাসিয়া এবং ২৬ বছরের কুণাল কাশিদ। এ ছাড়া পাঁচ ও সাত বছরের দুই শিশুকন্যা লাবণ্য গানের এবং দিব্যা গানেরও আহত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাঁচ আহতের সকলের অবস্থা আপাতত স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *