২৩ আগস্ট : বঙ্গোপসাগরে বড়সড় দুর্ঘটনা। ওডিশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেল পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু সদস্য। তাঁদের অধিকাংশই চিনা নাগরিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌসেনা। আশপাশের এলাকায় থাকা অন্যান্য জাহাজকেও উদ্ধারকাজে সাহায্যের জন্য সতর্ক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ২৪ জনের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত নয়। তবে কোস্ট গার্ড সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত ২ ক্রু মেম্বারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সরকারি সূত্র এবং PTI-এর তথ্য অনুযায়ী, জাহাজটি ওডিশা থেকে লৌহ আকরিক বা আয়রন ওর নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। শুক্রবারই জাহাজটি ওডিশার উপকূল ছেড়েছিল। এর এক দিন পর, শনিবার বঙ্গোপসাগরে সেটি ডুবে যায়। জাহাজটির নাম MV Ocean-Winner বলে জাহাজ-ট্র্যাকিং সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। MarineTraffic-এর তথ্য অনুযায়ী, পারাদ্বীপ বন্দর থেকেই জাহাজটি যাত্রা শুরু করেছিল।
দুর্ঘটনার সময় জাহাজে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের অধিকাংশই চিনা নাগরিক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজে ছিলেন নাবিক-সহ ২৪ জন ক্রু মেম্বার। এদের মধ্যে ২০ জনই চিনের নাগরিক। এ ছাড়া ৩ জন ছিলেন মায়ানমারের বাসিন্দা ও একজন বাংলাদেশি।
সবচেয়ে বড় উদ্বেগ এখন তাঁদের নিরাপত্তা নিয়ে। এক সিনিয়র IPS আধিকারিক PTI-কে জানিয়েছেন, এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে কতজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ফলে নিখোঁজ বা আটকে থাকা ক্রুদের খোঁজে অভিযান জারি রয়েছে।
জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়ার পরেই ভারতীয় কোস্ট গার্ড এবং নৌ-সেনা যৌথ ভাবে সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন শুরু করেছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলিকেও সতর্ক করে উদ্ধারকাজে সহযোগিতা করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটি ডুবে যাওয়ার পরে কিছু ক্রু লাইফ জ্যাকেট পরে জলে নেমে পড়তে পারেন অথবা লাইফবোটে আশ্রয় নিয়ে থাকতে পারেন। তবে তাঁদের কতজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
ঠিক কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়। জাহাজে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, সমুদ্রের পরিস্থিতি খারাপ ছিল কি না, অথবা অন্য কোনও কারণে জাহাজটি বিপদে পড়েছিল কি না—তা খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে জাহাজে থাকা লৌহ আকরিকের পরিমাণ এবং ডুবে যাওয়ার ফলে সমুদ্রের পরিবেশের উপরে কোনও প্রভাব পড়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।



