বরাক তরঙ্গ, ২২ আগস্ট : উত্তর-পূর্ব পেট্রলিয়াম মজদুর ইউনিয়নের পক্ষ থেকে মেঘালয়ে পেট্রল, ডিজেল ও এলপিজি সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর রাজ্যজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী শিলংয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।
শিলং শহরের একাধিক পেট্রল পাম্পে ইতিমধ্যেই ‘পেট্রল নেই’ লেখা ফলক টাঙিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও জ্বালানি পাওয়ার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে গাড়িচালকদের। সরবরাহ ব্যাহত হওয়ায় পেট্রল ও ডিজেলের মজুত দ্রুত কমে আসছে বলে জানা গেছে।
জ্বালানি সংকটের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন পেট্রল পাম্পে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগেভাগে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এর ফলে পাম্পগুলিতে দীর্ঘ লাইন তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে। পেট্রল-ডিজেলের পাশাপাশি এলপিজি সরবরাহও বন্ধ থাকার ঘোষণা দেওয়ায় সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহণ ব্যবস্থা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে পারে।
বর্তমানে মেঘালয়ের বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



