২১ আগস্ট : কঠোর নিরাপত্তার মধ্যে মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে। ৭৩ বছর বয়সী ইমরান খানকে বৃহস্পতিবার মাঝরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। এর তিন দিন আগে, মঙ্গলবার, পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশ পরিবর্তনের চেষ্টা করেছিল দেশটির সরকার। তবে তাতে সম্মতি দেয়নি সুপ্রিম কোর্ট।
ইমরানকে হাসপাতালে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী কয়েক ঘণ্টা আগে জানিয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা সম্পূর্ণভাবে মেনে চলবে।
এদিকে, আগস্টের শুরুতে করা এক স্বাস্থ্য পরীক্ষায় ইমরান খানের উচ্চ রক্তচাপ ধরা পড়ে। তার রক্তচাপ ওঠানামা করছে বলেও পরীক্ষায় উল্লেখ করা হয়। পাশাপাশি তার মধ্যে অস্থিরতা ও আতঙ্কের লক্ষণ রয়েছে বলে জানা গেছে।



