বরাক তরঙ্গ, ২১ আগস্ট : সোনাইয়ের কচুদরম ভাউরীকান্দি ২য় খণ্ড গ্রামের প্রবীণ বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবী জমির উদ্দিন লস্কর শুক্রবার ভোর ৩-২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স প্রায় ১০০ বছর হয়েছিল। জানাজার নামাজ আজ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।
দীর্ঘ কর্মজীবনে জমির উদ্দিন লস্কর শিক্ষা, প্রশাসন, সমবায় ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতার চাকরি ছেড়ে তৎকালীন মঙ্গলপুর বোয়ালী হাওর জিপি এলাকায় ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সুন্দরী জিপি, নতুন রামনগরসহ বিভিন্ন এলাকায় জিপি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলপুর বোয়ালী হাওর সমবায় সমিতি গঠনসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। এছাড়া জীবনের দীর্ঘ সময় তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আলতাফ হোসেন লস্কর শিলচর আদালতের আইনজীবী এবং ছোট ছেলে মকবুল হোসেন লস্কর ব্যবসার সঙ্গে যুক্ত।



