মুখ্যমন্ত্রীকে হুমকি নিয়ে অপপ্রচার, হোসুর থেকে আটক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মুখ্যমন্ত্রীকে ফেসবুকের মাধ্যমে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সোমবার থেকে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল, মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া আব্দুল মোতালেব আসলে ‘নারায়ণ দাস’ নামে এক হিন্দু ব্যক্তি। তবে তদন্তে এই দাবির পেছনে ভিন্ন তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় অসম পুলিশ হোসুর থেকে ২৯ বছর বয়সী মুকশিদুল রহমানকে আটক করেছে। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। সূত্রের দাবি, মুকশিদুলের বাড়ি অসমের মরিগাঁও জেলার ভূরাগাঁও থানার অন্তর্গত বেটনী গ্রামে।

পুলিশের সন্দেহ, মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আব্দুল মোতালেবকে ‘নারায়ণ দাস’ নামে এক হিন্দু ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানোর সঙ্গে মুকশ্বিদুল জড়িত থাকতে পারেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন তথ্য ছড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে মুকশিদুল রহমান তামিলনাড়ুর হোসুরে পুলিশের হেফাজতে রয়েছেন।

এই অপপ্রচারের পেছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কি না, কিংবা অসমের বাইরে থেকে সামাজিক মাধ্যমের প্রচার পরিচালিত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করার কাজও চলছে।

মুখ্যমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কোনও যাচাইহীন প্রচারে বিশ্বাস না করা এবং তথ্য যাচাই না করে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *