মেরা যুব ভারত ও সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘের উদ্যোগে র্যালি, স্বচ্ছতা অভিযান ও ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি
শমীন্দ্র পাল, কাটিগড়া
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিচ্ছন্নতা পক্ষকাল পালন করা হচ্ছে কাছাড় জেলায়। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনস্থ মেরা যুব ভারত, কাছাড়ের উদ্যোগে এবং সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘ, কাটিগড়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সচেতনতা র্যালি ও স্বচ্ছতা অভিযান।
কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্যতম সামাজিক সংগঠন সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘের উদ্যোগে আয়োজিত সচেতনতা র্যালিতে সংগঠনের সদস্য-সদস্যাদের পাশাপাশি প্রগতি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র্যালির মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ববোধের বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
র্যালি শেষে সঙ্ঘের সদস্য-সদস্যারা কাটিগড়া সার্কল অফিস, প্রগতি বিদ্যানিকেতন ও কাটিগড়া বাজার এলাকায় স্বচ্ছতা অভিযানে অংশ নেন। বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
এদিন পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সঙ্ঘের প্রেক্ষাগৃহে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় আলোচনা সভা, কুইজ ও পোস্টার প্রতিযোগিতা। স্বাধীনতার চেতনা, জাতীয় পতাকার মর্যাদা এবং দেশ ও সমাজের প্রতি নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ ও পোস্টার প্রতিযোগিতাও বিশেষ আকর্ষণ তৈরি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল সরকারি বা প্রশাসনিক দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের পাশাপাশি যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘের সাধারণ সম্পাদক দিব্যজ্যোতি দাস বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি সামাজিক সংস্কৃতি। কাটিগড়ায় আয়োজিত এই উদ্যোগে যুবসমাজ ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ আশাব্যঞ্জক। এমন কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হলে শুধু পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধও আরও দৃঢ় হবে। নিজের ঘর, নিজের এলাকা এবং নিজের সমাজকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিল্লোৎপল শর্মা, মনোজ নাথ, দিপ্যেন্দু দাস, প্রত্যেষ নাথ, প্রগতি বিদ্যানিকেতনের অধ্যক্ষা রাখি দাস এবং মেরা যুব ভারত, কাছাড়ের স্বেচ্ছাসেবী সুদিপ্তা দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



