কামরূপ মেট্রোপলিটনে নতুন সমন্বিত জেলা কমিশনার কার্যালয় উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী ও কার্যকর করার লক্ষ্যে গুয়াহাটির রূপনগরে কামরূপ মেট্রোপলিটন জেলার সমন্বিত জেলা কমিশনারের কার্যালয় ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন এই ভবনে প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমকে একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়ার পাশাপাশি নাগরিকদের দ্রুত ও সহজে প্রশাসনিক পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের ৩৫টি জেলাতেই জেলা কমিশনারের কার্যালয়গুলিকে জনকেন্দ্রিক প্রশাসনিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে অসম সরকার একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রশাসনিক পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী অতুল বরা, দিসপুরের বিধায়ক প্রদ্যুৎ বরদলৈ, গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র মৃগেন শরণীয়া-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন সমন্বিত কার্যালয়ের মাধ্যমে কামরূপ মেট্রোপলিটন জেলার বাসিন্দাদের বিভিন্ন সরকারি পরিষেবা আরও দ্রুত, সমন্বিত ও দক্ষতার সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *