বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : বন্যপ্রাণী সংরক্ষণ ও মানব-হাতি সংঘাত রোধে প্রশংসনীয় পদক্ষেপের নজির দেখা গেল হোজাই জেলার লঙ্কার হাবাইপুর এলাকায়। রেললাইন পার হওয়ার সময় বন্যহাতির বিশাল পাল দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে থামিয়ে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস।
জানা গেছে, রাতে হাবাইপুর এলাকায় হাতির পাল রেললাইন পার হওয়ার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে বন বিভাগ। বন্যহাতির জীবন রক্ষা এবং রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। বন বিভাগের সময়োপযোগী সতর্কবার্তার ভিত্তিতে লোকো পাইলট সময়মতো রাজধানী এক্সপ্রেস থামিয়ে দেন।
হাতির পালটি সম্পূর্ণ নিরাপদে রেললাইন পার হয়ে জঙ্গলের দিকে চলে যাওয়া পর্যন্ত ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়। হাতির পাল নিরাপদে সরে যাওয়ার পরই ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস।
বন বিভাগ ও রেল কর্তৃপক্ষের দ্রুত সমন্বয় এবং দায়িত্বশীল পদক্ষেপের ফলে এড়ানো সম্ভব হয়েছে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা। একই সঙ্গে বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রেও এই ঘটনা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। বন বিভাগের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ ডিসেম্বর মধ্যরাতে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু হয়েছিল। ভয়াবহ ওই দুর্ঘটনায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। সেই ঘটনার পর রেলপথে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতামূলক ব্যবস্থা ও বন বিভাগ-রেল কর্তৃপক্ষের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের ঘটনায় সময়মতো সতর্কতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে সেই সচেতনতারই প্রতিফলন দেখা গেল।



