বৃদ্ধাবাসে হুইলচেয়ার ও ব্যাকরেস্ট প্রদান রূপমের

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সংস্থার সামাজিক বিভাগের উদ্যোগে এক মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে এক অসহায় অসুস্থ ব্যক্তি ও একটি বৃদ্ধাবাসে হুইলচেয়ার ও ব্যাকরেস্ট প্রদান করা হয়। রূপম কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল রূপমের সামাজিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, রূপম প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে। বৃদ্ধাবাসে হুইলচেয়ারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এদিন তা তুলে দেওয়া হয়েছে।

এরপর শিলচরের অম্বিকাপট্টিতে অবস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ বাণপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাবাসের প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের হাতে হুইলচেয়ারটি তুলে দেন সংস্থার সভাপতি ড. বিভাস দেব। অন্যদিকে, শালচাপড়া তৃতীয় খণ্ডের অসুস্থ বাদল রায়ের পুত্র শুভম রায়ের হাতে ব্যাকরেস্টটি তুলে দেন সংস্থার উপদেষ্টা রাজকুমার পাল।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ কল্যাণ পাল, সহ-সাধারণ সম্পাদক উত্তমকুমার সরকার ও কাজল কর্মকার, সামাজিক বিভাগের সম্পাদক নির্মল দাস এবং সদস্য জমিরুল ইসলাম।

সাধারণ সম্পাদক নিখিল পালের উদ্যোগে সামাজিক বিভাগের এই কার্যক্রমের জন্য সংস্থার সদস্যদের পাশাপাশি উপস্থিত সকলেই রূপমের প্রশংসা করেন। বৃদ্ধাবাসের পক্ষ থেকেও রূপমের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করা হয়।

স্বাধীনতার আনন্দকে সমাজের অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে অর্থবহ করে তোলার এই উদ্যোগ রূপমের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *