বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর শহরের যানজট কমানো এবং শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।
এলিভেটেড করিডর, মেডিক্যাল কলেজ রোড ও মধুরাঘাট সেতুর কাজ পর্যালোচনা; জমি ও প্রশাসনিক জট দ্রুত মেটানোর নির্দেশ
বৈঠকে রাংগিরখাড়ি থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত প্রস্তাবিত শিলচর এলিভেটেড করিডর, বিরবল বাজার থেকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংযোগকারী সড়ক এবং মালুগ্রাম-দুধপাতিল সংযোগকারী মধুরাঘাট বা গান্ধীঘাট সেতুর কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তা, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, শিলচর পুরনিগমের আয়ুক্ত অঙ্কুর দাস-সহ NHIDCL, পূর্ত, রাজস্ব ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বিশেষ করে বিরবল বাজার-মেডিক্যাল কলেজ সংযোগকারী সড়কের ক্ষেত্রে জমি অধিগ্রহণ সংক্রান্ত বকেয়া সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন মন্ত্রী। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে যাতে প্রকল্পের কাজে বিলম্ব না হয়, সে বিষয়েও আধিকারিকদের সতর্ক করেন তিনি।
বৈঠক শেষে কৌশিক রায় জানান, জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়নের পথে থাকা সমস্যাগুলি চিহ্নিত করতেই এই বৈঠক। NHIDCL, পূর্ত ও রাজস্ব দফতরের সঙ্গে আলোচনা করে প্রকল্পগুলি দ্রুত ও নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, মঙ্গলবারের পর্যালোচনা বৈঠকের পর প্রকল্পগুলির মাঠপর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকরা যৌথ পরিদর্শনে নামেন। মধুরাঘাট সেতু ও সংলগ্ন অ্যাপ্রোচ রোড পরিদর্শনে নেতৃত্ব দেন ধলাইয়ের সমজেলা আয়ুক্ত রক্তিম বরুয়া। সঙ্গে ছিলেন APDCL ও PHED-এর প্রতিনিধিরা। সেতুর ভিত্তিপ্রস্তর-সংক্রান্ত কাজ শুরুর আগে সাইটের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়।
অন্যদিকে, শিলচর মেডিক্যাল কলেজ সংযোগকারী সড়ক পরিদর্শনে লক্ষীপুরের সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের নেতৃত্বে APDCL, PHED, AMRUT ও PBGL-এর প্রতিনিধিরা অংশ নেন। প্রস্তাবিত ড্রেনের আউটলেট, সাইট প্রস্তুতি এবং চার লেনের সড়ক নির্মাণকাজ শুরুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সরেজমিনে পরীক্ষা করা হয়।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, মাঠপর্যায়ের এই পরিদর্শনের মূল লক্ষ্য সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং প্রকল্প বাস্তবায়নের পথে থাকা স্থানীয় সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধান করা। পর্যালোচনা বৈঠকের পরপরই মাঠপর্যায়ে তৎপরতা শুরু হওয়ায় শিলচরের গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পগুলিতে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।



