বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গুমড়া পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার দিগরখাল পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি লরি থেকে বিপুল পরিমাণ সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে AS-01GC-7852 নম্বরের লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় লরিটির একটি গোপন কক্ষ থেকে প্রায় ৫০ হাজার সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ঘটনায় মাদক সরবরাহের অভিযোগে মাসুম উদ্দিন তাপাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া লরিসহ ধৃত ব্যক্তিকে বর্তমানে গুমড়া পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



