বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : বাকসা জেলার বরমায় রাতে বালিভর্তি ডাম্পার আটক করে চালকের কাছ থেকে টাকা দাবির অভিযোগে অজয় বৈশ্য নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মুশলপুরের বুনবাড়ি এলাকার বাসিন্দা অজয় নিজেকে বন বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ।
জানা গেছে, রাতে বরমায় একটি বালিভর্তি ডাম্পার থামিয়ে চালকের কাছে টাকা দাবি করেন অজয় বৈশ্য। এ ঘটনায় ডাম্পারের চালক ও মালিক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অজয় বৈশ্যকে আটক করে পুলিশ। তিনি সত্যিই বন বিভাগের কর্মকর্তা কি না, নাকি ভুয়া পরিচয় ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছিলেন—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



