১৮ আগস্ট : তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ।
অন্য দিকে, আগুন থেকে বাঁচতে অনেকে হোটেলের পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন বলেও অনুমান তদন্তকারীদের। সোমবার রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছিলেন যে, ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। সেই মতোই মঙ্গলবার সকালে বোট নামিয়ে পুকুরে তল্লাশি শুরু হয়। জলে আর কেউ ডুবে রয়েছেন কি না তা খতিয়ে দেখতেই বোট নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ তারাপীঠ মন্দির এবং থানার অদূরে এই হোটেলে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেলের রিসেপশনের এসির MCB-তে শর্ট সার্কিট হয়ে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে কেউ কেউ ব্যালকনি থেকে পাইপ এবং গাছের ডাল ধরে পাশের পুকুরে ঝাঁপ দেন। আবার কেউ কেউ হোটেলের দোতলা এবং তিনতলা থেকেও সরাসরি পুকুরে ঝাঁপ দিয়েছেন বলেও জানা গিয়েছে। এই ঘটনার পরে পুকুরে ডুবে গিয়ে আর কারও মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।



