বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : নৃত্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বহ্নিশিখা অ্যাকাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে রবিবার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, কথক, ফোক ডান্সের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক নৃত্য। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ।
অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রায় ৫০ জন ছাত্রছাত্রী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন। একের পর এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে খুদে ও তরুণ শিক্ষার্থীরা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। বিশেষ করে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবেশিত দেশাত্মবোধক নৃত্য অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

নৃত্যের ছন্দে জাতীয়তাবোধ, দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করেন শিক্ষার্থীরা। তাঁদের সাবলীল পরিবেশনা ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের বক্তব্য, শুধুমাত্র নৃত্যশিক্ষা প্রদান নয়, নতুন প্রজন্মের মধ্যে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করাও বহ্নিশিখা একাডেমীর অন্যতম লক্ষ্য। আগামী দিনে অ্যাকাডেমিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

পাশাপাশি, অ্যাকাডেমির মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যুবতী ও মহিলারাও যেন নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজস্ব নৃত্য বা সাংস্কৃতিক একাডেমী গড়ে তুলতে পারেন, সেই লক্ষ্যেও উৎসাহ জোগানো হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।
সংস্কৃতি ও নৃত্যচর্চার মাধ্যমে আত্মনির্ভরতার পথ তৈরি এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটানোর এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বহ্নিশিখা অ্যাকাডেমির উদ্যোক্তারা।



