মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির আবহে পূজা-অর্চনা অনুষ্ঠিত হল পাঁচগ্রাম সিদ্ধেশ্বর মন্দিরে। সোমবার সকালে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্দিরে উপস্থিত হয়ে ভক্তিভরে বাবা সিদ্ধেশ্বর মহাদেবের পূজা করেন।
পূজা-অর্চনা শেষে মহাদেবের চরণে প্রার্থনা জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন মন্ত্রী। পাশাপাশি সমাজে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হোক—এই প্রার্থনাও জানান তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসে বিশেষ করে প্রতি সোমবার ভক্তরা নিষ্ঠার সঙ্গে ভগবান শিবের আরাধনা করেন। দেশের বিভিন্ন শিবমন্দিরে শ্রাবণ মাসজুড়ে দেখা যায় ভক্তদের উৎসাহ-উদ্দীপনা। বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করলে তাঁর কৃপায় জীবনের দুঃখ-কষ্ট দূর হয় এবং পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে।
এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পূজা-অর্চনাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যেও উৎসাহ দেখা যায়। প্রার্থনায় রাজ্য ও দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণের পাশাপাশি প্রতিটি পরিবারে সুখ-শান্তি বজায় থাকার কামনা করা হয়। মহাদেবের আশীর্বাদে মানুষের জীবনে শক্তি, সাহস ও ইতিবাচকতা বৃদ্ধি পাক—এই প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় শ্রাবণ মাসের মহাদেব আরাধনা।



