চুরি করতে গিয়ে ঘুম! গ্যাস সিলিন্ডার-সহ হাতেনাতে ধরা চোর

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক চোরের। গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর সময় ক্লান্তিতে রাস্তায় ঘুমিয়ে পড়ে চোর। পরে বাড়ির মালিক ও স্থানীয়দের হাতে গ্যাস সিলিন্ডার-সহ হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত। অভিনব এই ঘটনাকে ঘিরে মেলাঘর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা ফকিরবাড়ি পচারমার ঘাটের সমর সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার ছিটকিনি প্লাস দিয়ে ভেঙে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে এক ব্যক্তি। সিলিন্ডারটি নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরই ঘটে বিপত্তি। রাত প্রায় সাড়ে ৩টা নাগাদ স্বপন ঘোষ ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখেন, গ্যাস সিলিন্ডারটি নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে সিলিন্ডারটি পড়ে থাকতে দেখেন তিনি। তার পাশেই এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় পড়ে ছিল।

বিষয়টি বুঝতে পেরে স্বপন ঘোষ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাকে মেলাঘর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ধৃতের নাম ইমান হোসেন। তার বাড়িও তেলকাজলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ইমানের বিরুদ্ধে এর আগেও গরু চুরি-সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *