মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় পীঠস্থান বৈঠাখাল কালীবাড়িতে গিয়ে মা ভগবতীর আশীর্বাদ নিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার কানিশাইলে নিজের বাসভবন থেকে নির্বাচনী কেন্দ্র পাথারকান্দির উদ্দেশে যাওয়ার পথে বৈঠাখাল কালীবাড়িতে পৌঁছন তিনি। মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নিয়ে মা ভগবতীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী। এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনার পাশাপাশি শ্রীভূমি ও বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্যও প্রার্থনা করেন তিনি।
পূজা শেষে মন্ত্রী বৈঠাখাল কালীবাড়ির নতুন মন্দির ভবন নির্মাণের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। নির্মাণস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখে কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। নির্মাণকাজে যাতে কোনও ধরনের গাফিলতি না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
নির্ধারিত পরিকল্পনা ও নির্মাণমান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন কৃষ্ণেন্দু পাল। তাঁর বক্তব্য, বৈঠাখাল কালীবাড়ি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, এলাকার মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান। তাই নতুন ভবন নির্মাণেও মন্দিরের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মন্ত্রীকে ঘিরে এদিন মন্দির প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। পূজার পাশাপাশি নির্মাণকাজ পরিদর্শন করায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।



