ফুটবল খেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট, রড কোমরে ঢুকে গুরুতর আহত কিশোর

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
কাছাড় জেলার ভাগাবাজারের রাজঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় ১৩ বছরের এক কিশোর। ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে হানিফ আহমদ লস্কর নামে কিশোরটি। পরে মাটিতে পড়ার সময় রড কোমরে ঢুকে আরও গুরুতর জখম হয় তার।

জানা গেছে, শনিবার বিকেলে রাজঘাট এলাকায় ফুটবল খেলা চলছিল। খেলার সময় বল বাইরে চলে যায়। বল আনতে গিয়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে হানিফ। হাই ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছিটকে মাটিতে পড়ে যায়। সেই সময় একটি বাড়ির সীমানার দেওয়ালের রডের উপর পড়ে গেলে রডটি তার কোমরের দিকে ঢুকে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহত কিশোরকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
হানিফ আহমদ লস্কর রাজঘাট গ্রামের বিজেপি বুথ কমিটির সভাপতি আজমির হোসেন লস্করের ছেলে।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, রাজঘাট এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন অত্যন্ত নিচু দিয়ে ঝুলছে। এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *