শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : জাতীয় পতাকা উত্তোলন করা হলো, অথচ নির্ধারিত সময়ে নামানোর কথা যেন বেমালুম ভুলে গেল সংশ্লিষ্টরা! সাংবাদিকের ক্যামেরায় দৃশ্য ধরা পড়তেই তড়িঘড়ি করে পতাকা নামানোর ঘটনায় কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধিপুরের একটি কাঠের মিলের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মিল চত্বরে অন্ধকার নেমে এলেও জাতীয় পতাকা তখনও উত্তোলিত অবস্থায় ছিল। সাংবাদিক ভিডিও ধারণ শুরু করতেই বিষয়টি নজরে আসে মিলের ম্যানেজারের। এরপর দৌড়ে গিয়ে পতাকা নামিয়ে দেন তিনি। পরে ক্যামেরার সামনে নিজের ভুল স্বীকার করে ব্যস্ততার অজুহাত দেন ম্যানেজার।
তবে ঘটনা এখানেই শেষ নয়। একই দিনে কাটিগড়া I CDS প্রকল্পের অধীন তেলিটিকর দ্বিতীয় খণ্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ অন্ধকারের মধ্যে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড়ের টুকরো নয় – এটি দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। অথচ স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দুটি পৃথক প্রতিষ্ঠানে এমন অব্যবস্থা স্বাভাবিকভাবেই দায়িত্বশীলতা ও সচেতনতা নিয়ে প্রশ্ন তুলছে।
ভুল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হবে, নাকি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ নজরদারি ও ব্যবস্থা নেওয়া হবে – এখন সেটাই দেখার। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ ও প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল হওয়া জরুরি।



