ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎবিচ্ছিন্ন ৪০ হাজার লোক

Spread the news

১৬ আগস্ট : প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে তাণ্ডব চালাচ্ছে ক্যাটাগরি-১ হারিকেন ‘লালা’। ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যজুড়ে ৪০ হাজারের বেশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩টি সংযোগ ছিল। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। ঝড়ের শক্তিশালী বাতাসে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কাও রয়েছে।

হারিকেন লালার সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ৭৫ মাইল বা প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠেছে। ঝড়টির প্রভাবে মাউনা কেয়ায় ঘণ্টায় ১০০ মাইলের বেশি বেগে ঝোড়ো বাতাস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *