রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : দেশে5 ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধ, নাগরিক দায়িত্ব ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কাবুগঞ্জ জনতা কলেজে শুরু হয়েছে দু’দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। শুক্রবার কলেজ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিন সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য তিরঙা বাইক র্যালি। কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেন। তিরঙার আবহে র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নতুন বাজার, বারমণি ও কাবুগঞ্জ বাজার পরিক্রমা করে পুনরায় কলেজে এসে শেষ হয়। র্যালিকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্বাধীনতার আনন্দের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে। অসম সরকারের ‘বৃক্ষ বন্ধু’ অভিযানের অঙ্গ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৪,০০০টি বৃক্ষচারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিনের অন্যতম আকর্ষণ ছিল ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি। শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের পাশে কলেজের সম্মুখে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মানবশৃঙ্খল গড়ে তোলেন। এরপর সম্মিলিতভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশপ্রেম, নাগরিক কর্তব্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দু’দিনের এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরও সুদৃঢ় করাই মূল উদ্দেশ্য।
এদিনের কর্মসূচিতে উপাধ্যক্ষা সুজাতা পালিত, ড. উষারানি শর্মা, ড. সুদীপ্তা খেরসা, ড. শিরতাজ বেগম লস্কর, ড. মুন্নী দেব মজুমদার, সুমা ভট্টাচার্য, কিংশুক চক্রবর্তী, কুসুমানন্দ নাথ, শ্রীমা নাথ মজুমদার, ড. প্রদীপ সিংহ, ড. রবীন্দ্র সিংহ, সঞ্জিত মুশাহারি, মো. শেহেনুয়াজ সানু-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাবুগঞ্জ জনতা কলেজের এই বর্ণাঢ্য আয়োজনে গোটা কলেজ চত্বরজুড়ে তৈরি হয় দেশাত্মবোধ ও উৎসবের আবহ।



