বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মণিপুরের কাংপোকপি জেলায় ফের বন্দুক হামলার ঘটনায় দুই নাগা গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে লাংকা নাগা গ্রামে কৃষিকাজে ব্যস্ত গ্রামবাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
সরকারি সূত্রের খবর, সকাল প্রায় ৮টা নাগাদ ৪০ থেকে ৫০ জন সশস্ত্র ব্যক্তি অত্যাধুনিক অস্ত্র নিয়ে লাংকা নাগা গ্রামে ঢুকে কৃষকদের ওপর অতর্কিত গুলি চালায়। হামলার সময় গ্রামবাসীরা নিজেদের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। আচমকা হামলার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলায় কাওয়িদিনাং আবোনমাই (৫৪), নামথিউলুংবৌ প্রিনমাই (৪৫), মালিয়াংজিনাং আবোনমাই (৫০) এবং উইরিলিয়াংবৌ চাওয়াং (৩৫) গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দু’জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, পাহাড়ি এলাকা থেকে নেমে এসে সশস্ত্র হামলাকারীরা কৃষকদের ওপর গুলি চালায়। পরে কাছাকাছি মাখুই নাগা গ্রামেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের মধ্যে কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি, কিছু সূত্রের অভিযোগ, কেএনএফ নেতা জাংবোই কিপগেনের নেতৃত্বে এবং কেআরএ-র সদস্যদের নিয়ে হামলাটি চালানো হয়। তবে এই দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ঘটনার পর কাংপোকপি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।



