পাথারকান্দিতে ধারা ১৬৩ জারি, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট :
স্বাধীনতা দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শ্রীভূমি জেলার পাথারকান্দি সহ-জেলার পাথারকান্দি সার্কেল এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ধারা ১৬৩ জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সহ-জেলা কমিশনার সপ্ততি এন্দো, এ.সি.এস.-এর স্বাক্ষরিত নির্দেশে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পূর্বানুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে র‌্যালি, মিছিল, ধর্না, পদযাত্রা কিংবা বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশে আগ্নেয়াস্ত্র, প্রাণঘাতী অস্ত্র, ধারালো অস্ত্র, লাঠি, তলোয়ার, বর্শা, ইট-পাথরসহ অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কোনও বস্তু বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব, ভুয়ো খবর কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনও পোস্ট, প্রচার বা বার্তা প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য, উত্তেজনাপূর্ণ স্লোগান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য বা আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তবে জরুরি পরিষেবা ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণসহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে জনসমাগম ও চলাচল সংক্রান্ত নির্দিষ্ট বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

প্রশাসনের জারি করা নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জনশান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *