খার্গের কথিত অপমানের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ ও সত্যাগ্রহ

Spread the news

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট :
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে হলদ্বানীতে কথিত দুর্ব্যবহারের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ ও সত্যাগ্রহ কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এপিসিসির নির্দেশে শুক্রবার আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি হলদ্বানীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেসের বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য হলদ্বানীর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তাঁর অভিযোগ, একটি সর্বভারতীয় সভায় যোগ দিতে যাওয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে সভা শেষে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য অশোভন আচরণ করেন।

সজল আচার্যের আরও অভিযোগ, খার্গে দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে তিনি যে স্থানে সভা করেছিলেন সেখানে গঙ্গাজল ছিটিয়ে তথাকথিত শুদ্ধিকরণের চেষ্টা করা হয়। এমনকি তিনি যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, সেখানেও গঙ্গাজল ঢালা হয় বলে দাবি করেন তিনি।

এই ঘটনাকে জাতি ও ধর্মের নামে বিভাজনের রাজনীতির উদাহরণ হিসেবে তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি বলেন, বর্তমান বিজেপি সরকারের আমলে জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরির প্রবণতা বাড়ছে। গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেস নেতৃত্বের দাবি, হলদ্বানীর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সত্যাগ্রহ কর্মসূচি থেকে কংগ্রেস কর্মীরা ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সমতা এবং সংবিধানের মূল্যবোধ রক্ষার বার্তা দেন।

মল্লিকার্জুন খার্গকে ঘিরে হলদ্বানীর কথিত ঘটনার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের এই কর্মসূচিকে কেন্দ্র করে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *