বরাক তরঙ্গ, ১২ আগস্ট : অল নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মণিপুর (ANSAM) নাগা ছাত্রছাত্রী, যুবসমাজ এবং বৃহত্তর নাগা জনগোষ্ঠীর প্রতি আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংগঠনের অধীনস্থ বিভিন্ন শাখাকে ১৪ আগস্ট ৮০তম নাগা স্বাধীনতা দিবস হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ আগস্ট জারি করা এক নির্দেশিকায় ANSAM তার সমস্ত অধীনস্থ ও সহযোগী সংগঠনকে ১৪ আগস্ট নিজ নিজ ‘ওকিং’-এ নাগা জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নাগা অধ্যুষিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসগুলিকে ওই দিন ছুটি ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে।
১৪ আগস্ট পালনের ঐতিহাসিক সূত্র নাগা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। নাগা ন্যাশনাল কাউন্সিল (NNC)-এর নেতা এ. জেড. ফিজোর নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগা স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার একদিন আগে। এরপর থেকে নাগাল্যান্ড এবং মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশের নাগা অধ্যুষিত বিভিন্ন এলাকায় নাগা সম্প্রদায়ের একাংশ ও বিভিন্ন নাগা সংগঠন দিনটি পালন করে আসছে।
পরবর্তী সময়ে ১৯৫০-এর দশকে নাগা রাজনৈতিক আন্দোলন সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। ১৯৬৩ সালে নাগাল্যান্ড ভারতীয় ইউনিয়নের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলেও নাগা রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
২০১৫ সালের আগস্টে দীর্ঘদিনের নাগা সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ভারত সরকার ও এনএসসিএন (ইসাক-মুইভা)-এর মধ্যে একটি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। কেন্দ্রের পক্ষ থেকে এটিকে কয়েক দশকের পুরনো সংঘাত নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তবে ওই চুক্তির পরও এখনও চূড়ান্ত রাজনৈতিক সমাধান সম্ভব হয়নি। ২০১৭ সালে সংসদে এক জবাবে কেন্দ্র জানিয়েছিল, ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে চূড়ান্ত সমাধানের মূল কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চলছিল।

এদিকে, ANSAM-এর সাম্প্রতিক প্রস্তাবে ২০১৫ সালের ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে একটি “গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ” রাজনৈতিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রকে চুক্তিটি তার “প্রকৃত চেতনা ও অক্ষরে” বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।



