বরাক তরঙ্গ, ১২ আগস্ট : রাজ্যে ফের বন্যহাতির হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ি থানার অন্তর্গত কুলসী এলাকায়। জানা যায়, বন্যহাতির হামলায় পুষ্প রাভা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিন দিন বাড়তে থাকা হাতি-মানুষের সংঘাতের মধ্যেই এই ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কুলসী বনাঞ্চলিক কার্যালয়ের অধীন দেওয়ানবিল গ্রামের বাসিন্দা পুষ্প রাভা সাইকেল নিয়ে যাওয়ার সময় আচমকাই একদল বন্যহাতির সামনে পড়েন। হাতির দলটি তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শুধু তাই নয়, হাতির দল তাঁর সাইকেলটিও পিষে ভেঙে দেয়।
ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) পাঠানো হয়েছে।
এদিকে, পলাশবাড়ি এলাকায় বারবার হাতি-মানুষের সংঘাতের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, পুলিশ-প্রশাসন, বন বিভাগ এবং জনপ্রতিনিধিরা সমস্যাটির স্থায়ী সমাধানে এখনও কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।
বন্যহাতির উপদ্রব নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



