মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের বার্তা নিয়ে শিবেরগুলে অনুষ্ঠিত হলো NECA কম্পিউটার শিক্ষা কেন্দ্রের বর্ণাঢ্য শিক্ষা অনুষ্ঠান ও সংবর্ধনা সভা। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত সলগই, বাজারীছড়া, ইচাবিল, কটামনি ও বালিপিপলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, আধুনিক কর্মক্ষেত্রে সাফল্যের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি জ্ঞানও অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল NECA-র বিভিন্ন বিশেষ অফারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া এবং তাঁদের হাতে স্মারক হিসেবে হাতঘড়ি তুলে দেওয়া। পাশাপাশি দীপক কালচার অ্যান্ড এডুকেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে ২০২৬ সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।
এরপর NECA-র এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবেন্দ্র সিং, ড. সুরজ কৈরী, অপর্ণা সূত্রধর, সুরজ কানু, ডা. মতিউর রহমান, প্রদীপ দেবনাথ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন NECA-র পরিচালক দীপক বর্ধন। সহযোগিতায় ছিলেন প্রতিভা গোয়ালা, পূজা বৈদ্য, বিজয়া দাস, আকাশ সিনহা-সহ শিক্ষক-শিক্ষিকারা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



