বন্যাত্রাণ : মুখ্যমন্ত্রীর হাতে অর্থ প্রদান ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর

Spread the news


বরাক তরঙ্গ, ১১ আগস্ট : উজান অসমের বিভীষিকাময় প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত জনজীবনের জন্য সারা দেশ সাহায্যের হাত বাড়িয়েছে। এবারে এগিয়ে এল বরাক-ব্রহ্মপুত্রের সর্ববৃহৎ সাহিত্য-সংস্কৃতিমূলক সংস্থা ‘বাংলা সাহিত্য সভা, অসম’। সোমবার সন্ধ্যায়‌ অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নিজস্ব কক্ষে ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর প্রতিনিধিবর্গ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে সভার তরফে এক লক্ষ একান্ন হাজার পাঁচ টাকার চেক প্রদান করেন। এই অর্থ বাংলা সাহিত্য সভার আহ্বানে গোটা রাজ্যের এমনকি রাজ্যের বাইরেরও সাহিত্য-সংস্কৃতি জগতের মানুষেরা দান করেছেন। এদিন এই দাতা মহানুভব ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকাও মুখ্যমন্ত্রীর হাতে প্রদান করা হয়। এই তালিকা অনুসারে মোট ১৩০জন মানুষ অসমের বন্যাত্রাণে বাংলা সাহিত্য সভার মাধ্যমে অর্থদান করেছেন। মুখ্যমন্ত্রী ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর এই উদ্যোগকে ভূয়সী সাধুবাদ জানান। তিনি বাংলা সাহিত্য সভার অনুবাদগ্রন্থগুলি নিজে এক এক করে হাতে নিয়ে পাতা উলটে দেখে অত্যন্ত আনন্দিত হন।

এদিন ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর প্রতিনিধিবর্গের নেতৃত্ব দেন সভার প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা তথা অন্নপূর্ণা ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী স্বনামধন্য সমাজসেবী সুবীর ঘোষ এবং সভার রাজ্যিক সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী। অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন সভার কোষাধ্যক্ষ ও সাহিত্য-পেনশনার, সুলেখক শিশির সেনগুপ্ত, সভার গুয়াহাটি শাখার কোষাধ্যক্ষ মোনালিসা ভট্টাচার্য ও সভার পাণ্ডু-মালিগাঁও শাখার সভাপতি সুদেষ্ণা দেবরায় চন্দ।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *