হাইলাকান্দি রাজস্ব সার্কলে এনুমেরেটর প্রশিক্ষণ পর্ব সম্পন্ন

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট:
জনগণনা-২০২৭-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীন এনুমেরেটর ও সুপারভাইজারদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি, স্ব-গণনা (সেল্ফ এনুমারেশন) কার্যক্রম, ডিজিটাল অ্যাপের ব্যবহার, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা বজায় রাখাসহ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।

প্রশিক্ষকরা জনগণনার সময় নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং তথ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং মাঠপর্যায়ে উদ্ভূত সম্ভাব্য সমস্যা মোকাবিলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত এনুমেরেটর ও সুপারভাইজাররা জনগণনা-২০২৭-এর কার্যক্রম সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এদিকে, জেলাজুড়ে স্ব-গণনা উপলক্ষে প্রচার গাড়ি, মাইকিং, হেল্প ডেস্ক এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে স্ব-গণনায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
জেলা প্রশাসন সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে স্ব-গণনা সম্পন্ন করে জনগণনা-২০২৭-কে সফল করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *