অসমবাসীকে একাধিক সুখবর মুখ্যমন্ত্রীর, পুনরায় শুরু রাজ্য সরকারের জনমুখী প্রকল্প

Spread the news

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। সোমবার রহায় ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির পুনরায় সূচনা করেন মুখ্যমন্ত্রী। রহার সুরেন পাটর সুলভ মূল্যের দোকান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবারের নির্বাচনের পর বাজেট অধিবেশন না হওয়ায় বেশ কিছু সরকারি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। আগস্ট মাস থেকে জনমুখী প্রকল্পগুলি পুনরায় চালু করা হবে বলে আমি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলাম। ১ আগস্ট অরুণোদয় প্রকল্প চালু করেছি। ৬ আগস্ট থেকে ‘নিযুত বাবু’ ও ‘নিযুত মইনা’ প্রকল্প শুরু হয়েছে। আর আজ থেকে সুলভ মূল্যে মসুর ডাল ও চিনি বিতরণ শুরু করলাম।’’

মুখ্যমন্ত্রী জানান, ‘‘বর্তমানে কিছু কারিগরি সমস্যার কারণে লবণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কিছুদিন পর থেকে আপনারা ডাল, চিনি ও লবণও পাবেন। এখন থেকে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত পালিত ‘অন্ন সেবা সপ্তাহ’-এর সময় বিনামূল্যে চাল এবং সুলভ মূল্যে চিনি ও ডাল পাওয়া যাবে। পরবর্তী সময়ে সুলভ মূল্যে ভোজ্যতেল ও লবণ দেওয়া যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা চলছে।’’

তিনি আরও বলেন, অরুণোদয় প্রকল্প থেকে যারা বাদ পড়েছেন, তাদের অন্তর্ভুক্ত করার বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূ—দু’জনকেই অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে আমাদের কাজকর্মে কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করব।’’

তিনি জানান, বিনামূল্যে চাল এবং সুলভ মূল্যে চিনি ও ডাল প্রদানের প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৭০ লক্ষ পরিবার রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৪৮ লক্ষ ১১ হাজার ৬৪৫ জন মানুষ উপকৃত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের বিনামূল্যে চাল দিচ্ছেন। রাজ্য সরকার অরুণোদয়, সুলভ মূল্যে চিনি ও ডাল, নিযুত মইনা, নিযুত বাবু এবং ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। আগামী দিনগুলিতে দরিদ্র মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর চেষ্টা করা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *