শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শ্রীভূমি পুলিশ, কাছাড় পুলিশ ও ৩৮ আসাম রাইফেলসের যৌথ অভিযানে সোমবার কাছাড়ের বদরপুরঘাটে উদ্ধার হল বিপুল পরিমাণ মরফিন। এদিন সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বলেরো গাড়ির ফুয়েল ট্যাঙ্কারের গোপন চেম্বার থেকে ৮.২২৪ কেজি মরফিন উদ্ধার করা হয়।
অভিযানে পাঁচগ্রামের বাসিন্দা দোলা রাজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দলে, দুই জেলার পুলিশ আধিকারিক এবং ৩৮ আসাম রাইফেলসের কর্মকর্তারা। এসএসপি লিনা দলে জানান, উদ্ধার হওয়া মরফিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে মাদক পাচারের নেটওয়ার্কের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।



