১০ আগস্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার রিয়াদের খোরদাম এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গভীর রাতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেন সৌদি ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনের তীব্রতায় মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে নিহতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার এখনও স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
নওগাঁর নিহতদের মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। নাটোরের নিহত তিনজন হলেন নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।
জানা গেছে, রবিবার ভারতীয় সময় বিকেল ৩টা দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমানো এসব বাংলাদেশি শ্রমিক ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন।
মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের মরদেহ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন পরিবারের সদস্যরা।



