বরাক তরঙ্গ, ৯ আগস্ট : কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার বিকেলে ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে শুরু হল সুশান্তরঞ্জন দত্ত ও স্বপন কুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা ২০২৬।
উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নিল জামালপুর এফসি। ফাইভ ব্রাদার্স এফসি, আমড়াঘাটকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় জামালপুর। দলের হয়ে একাই পাঁচটি গোল করেন দুরন্ত স্ট্রাইকার স্যামসন।
ম্যাচের ১২ মিনিটে স্যামসনের গোলে এগিয়ে যায় জামালপুর এফসি। ২৯ মিনিটে রবার্টের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জামালপুর।
৪০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন স্যামসন। ৪৬ মিনিটে ওয়াংসাং গোল করেন। এরপর ৫১, ৫৩ ও ৬৭ মিনিটে আরও তিনটি গোল করে নিজের গোলসংখ্যা পাঁচে নিয়ে যান স্যামসন। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পায় জামালপুর এফসি।
উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অনুষ্ঠানের মুখ্য অতিথি কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক অমিয়কান্তি দাস, প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ধলাই কেন্দ্রে প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল, শিক্ষাবিদ সাবির আহমদ চৌধুরী এবং সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক রতন দেব ও অভিজিৎ ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস। বক্তব্য রাখেন রূপম সাহা, অমিয়কান্তি দাস, নীহাররঞ্জন দাস, শশাঙ্কচন্দ্র পাল, অধ্যাপক সাবির আহমদ চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি-সহ ৬০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে স্বপন কুমার বর্মণ মেমোরিয়াল ট্রফি-সহ ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, বিজেপির ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, পৃথীশ চন্দ্র দাস, ভূষণ পাল, গৌরী পাল, নিয়তি বর্মণ-সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীতাংশু দাস ও প্রাঞ্জল পুরকায়স্থ। সূচি অনুযায়ী সোমবার চান্নিঘাটের ইন্ডিয়ান এফসি মুখোমুখি হবে এএসএসএবি এফসি ও কর্কট এফসির মধ্যকার দলের সঙ্গে।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ লস্কর, কমরুজ্জামান লস্কর, নাসরুল লস্কর ও নুংশিতম্বী সিংহ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসির স্যামসন। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সুরজিত দত্ত ও শুভজিৎ দত্ত।



