১০০ ফুট গভীর খাদে বাস, মৃত কমপক্ষে ১০

Spread the news

৮ আগস্ট : হিমাচল প্রদেশের চাম্বায় দুর্ঘটনা। মৃত কমপক্ষে ১০। শনিবার ভোরে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর দু’জনেরই মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর জখম বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় পুলিশে।

শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বেসরকারি একটি বাস বৈরাগড় থেকে চাম্বার দিকে রওনা হয়। তিন কিলোমিটার যাওয়ার পরে দেবীকোঠির কাছে চালুজ মোড়ে বাঁক নেওয়ার সময় বাসের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে গভীর খাদে পড়ে যায় বাস।

দুর্ঘটনার সময় বাসে ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহতদের বের করার চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে তিসা সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বাসটি গভীর খাদে পড়ে যাওয়া বেগ পেতে হচ্ছে উদ্ধারকাজে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাসটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। বাসের ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *